বিশ্বের ১১০টি শহরের তালিকায় বায়ু দূষণে আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর ৩০৯। বাতাসের এই মানকে ‘ঝুকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।
এ সময়ে ২১৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ১৮৩ ও ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও মুম্বাই। পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। আর এই বায়ু দূষণের কারণে দিন দিন গুরুত্বর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।