যে সহজ সমীকরণে প্লে অফ নিশ্চিত হতে পারে কুমিল্লার

বিপিএলের লিগ পর্বের শেষ পর্যায়ে এসেও এখনো নিশ্চিত নয় প্লে-অফের লাইনআপ। মাত্র একটি দল নিশ্চিত করেছে নকআউট পর্ব। বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে চারটি দল।

একমাত্র রংপুর রাইডার্স নিশ্চিত করেছে প্লে-অফ খেলা। টানা সাত জয়ের পরও নিশ্চিত হয়নি সেটা প্রথম কোয়ালিফায়ার কিংবা এলিমিনেটর।

নকআউটের বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে চারটি দল। পয়েন্ট টেবিল বলছে, সবারই সম্ভাবনা আছে। কুমিল্লা, বরিশাল কিছুটা এগিয়ে। মাত্র এক ম্যাচ বাকি থাকা চট্টগ্রামের সুযোগটাও ভালোই। খুলনার জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু অসম্ভব নয়। সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা এই অংকের জটিল সমীকরণ থেকে মুক্ত, স্বাধীন।

প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকা তিন দলের মধ্যে সবচেয়ে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে তাদের। ৯ ম্যাচ খেলে ৭ জয়ের ফলে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে কুমিল্লা। 

তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিততে পারলেই নিশ্চিত হবে তাদের প্লে-অফে খেলা। আর দুইটি ম্যাচ জিতলে শীর্ষে দুইয়ে থেকে লিগ পর্বের খেলা শেষ করবে কুমিল্লা।