যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এক অস্ত্রধারীর গুলিতে নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা ও একজন দমকলকর্মী।
এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন অস্ত্রধারী ব্যক্তিও মারা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মার্কিন বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এপি জানায়, মিনেসোটার বার্নসভিলে একটি পরিবার বিপদে পড়েছে ফোনে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা ও একজন দমকলকর্মী।
সেখানে একটি ভবনে হামলাকারীসহ বেশ কয়েকজন শিশুও ছিল। শিশুদের উদ্ধারের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অস্ত্রধারী এক ব্যক্তি। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ একজন দমকলকর্মী নিহত হন।
পরে নিরাপত্তা বিবেচনায় পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও। এ সময় সন্দেহভাজন অস্ত্রধারী ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তবে তার পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।
মিনেসোটা ব্যুরো অফ ক্রিমিনাল বিভাগের সুপারিনটেনডেন্ট ড্রিউ ইভান্স বলেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে বেশ কয়েকটি বন্দুক এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ ছিল। তিনি বাড়ির উপর ও নিচতলা সহ একাধিক অবস্থান থেকে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করে।
নিহত দুই পুলিশ সদস্যের বয়স ২৭ বছর। প্রাণ হারানো অপর ব্যক্তির বয়স ৪০। ফায়ার সার্ভিসের একজন প্যারামেডিক সদস্য তিনি। এ ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে অঞ্চলটিতে।
শিশুসহ বাড়ির অন্যান্য সদস্যরা নিরাপদে আছে বলে জানায় পুলিশ।