টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে সিফাত মিয়া নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত সিফাত উপজেলার নরদহি চরপাড়া গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে।
কালিহাতী থানার এসআই মোবারক জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতালা ভবনে রং এর কাজ করছিলেন সিফাত। এসময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার শরীরের সম্পূর্ণ পুড়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।