ভিসা ছাড়াই ২৯ দেশের নাগরিকরা ওমরাহ করার সুযোগ পাচ্ছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ওমারাহ জন্য তাদের আগে থেকে কোনো ভিসা নেওয়ার দরকার হবে না।
দেশটির মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের নাগরিকরা এখন থেকে ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন। ওমরাহ পালনের জন্য তাদেরকে আগে থেকে কোনো ভিসা নেওয়া দরকার পড়বে না।
সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের পরিকল্পনা করতে পারবেন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা। এসব দেশের নাগরিকরা চাইলে সৌদিতে পৌঁছেই ওমরাহ করতে পারবেন। এ ছাড়া ২৯ দেশের নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা সৌদি আরবে ঘোরাঘুরি করতে নাকি উমরাহ পালনের জন্য গিয়েছেন, তা বিবেচনা করা হবে না। ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য হবে।
একইসঙ্গে এসব দেশের নাগরিকরা চাইলে ট্রানজিট ভিসার মাধ্যমেও ওমরাহ পালন করতে পারবেন। এ জন্য তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে যেতে হবে। মূলত সৌদি আরব পুরো বিশ্বের মুসলিমদের জন্য উমরাহ পালন সহজ করার অংশ হিসেবে এমন সুযোগ করে দিয়েছে।
সৌদি আরবে ওমরাহ পালনের প্রক্রিয়া সহজ, উন্নতমানের সেবা এবং দেশটির সাংস্কৃতিক এবং ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
সূত্র: গালফ নিউজ