নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

নারায়ণগঞ্জে একটি অস্ত্র মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন (৩০) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

তিনি আরও জানান, একই মামলার অন্য একটি ধারায় নাজমুলকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। উভয় সাজা একই সময়ে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

এ মামলায় আল-আমিন (২৯) নামে আরেক আসামি খালাস পান।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর র‌্যাব-২ এর অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হন দুজন। পরদিন তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র‌্যাব।