খেলাপিদের তালিকা প্রকাশের দাবি বাম জোটের

কোটি টাকার বেশি ঋণ নিয়ে যারা ফেরত দেননি, সেসব খেলাপির তালিকা এবং কীভাবে ওই ঋণ দেওয়া হয়েছিল তার তথ্য প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটটির নেতারা অর্থপাচারের অনুসন্ধান এবং শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন। এ জন্য সাত দিনের সময় বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি শেষে বিক্ষোভ সমাবেশে বাম জোটের নেতারা এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে জোটের নেতাকর্মীরা সমাবেশ করেন।

এতে বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স ও সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম।