নন-কমিউনিকেবল ডিজিজ নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবার যৌথ গবেষণার ফল ‘রেড অ্যালার্ট’। স্বাস্থ্যসচেতনদের জন্য লেখা নন-কমিউনিকেবল ডিজিজের ওপর রচিত বাংলাদেশে প্রকাশিত প্রথম বই এটি।

গতকাল সোমবার ওয়েস্টিন বলরুমে নন-কমিউনিকেবল ডিজিজ, ডায়েটারি হেবিটস ও লাইফস্টাইল ইন বাংলাদেশের ওপর লিখিত ‘রেড অ্যালার্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তথ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘রেড অ্যালার্ট’ গ্রন্থ থেকে দুই ধরনের উপকার পাওয়া যাবে। এক. স্বাস্থ্য বিষয়ে উপকারিতা ও দুই. বাজারে অলিভ অয়েলের মতো থাকা প্রোডাক্টগুলো সম্পর্কে সঠিক ধারণা পাবে। আমি বিশ্বাস করি ‘রেড অ্যালার্ট’ বইটি ব্র্যান্ড বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’

পরে তিনি বইটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের গবেষণামূলক কাজে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এতে সভাপতিত্ব করেন কানাডিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।  তিনি বলেন, ‘এই প্রকাশনাটি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) গবেষণার ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্বব্যাপী শিক্ষা গবেষণায় সেতুবন্ধ তৈরিতে বিশ্বাসী। এই উদ্দেশ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এ বছরের শেষের দিকে তাদের শিক্ষাকার্যক্রম কানাডার অন্টরিও ক্যাম্পাসে শুরু করতে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিতা কলওয়েল অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেব কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার দেবরা বয়েজ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মেসবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশবরেণ্য অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন।

বইটি সম্পাদনায় মূল ভূমিকায় ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গিয়াস ইউ আহসান। সম্পাদক হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব ম্যানিটোবা, কানাডার অধ্যাপক ড. সি এমদাদ হক এবং নর্থসাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম আনিসুল ইসলাম।

বইটির সম্পাদক কিনোট স্পিকার ড. গিয়াস ইউ আহসান বলেন, স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বইটি সহসাই ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে। গুরুত্বপূর্ণ বই হিসেবে অভাবনীয় জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা এবং সিএনআরআসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

বইমেলায় রেড অ্যালার্ট বইটি আজ মঙ্গলবার থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৮৯৫ স্টলে পাওয়া যাবে।