বাংলাদেশসহ কয়েক দেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত ভারতের 

বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিমাণ পেঁয়াজ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।

অপর একটি সূত্র বলেছে, ভারত সরকার বাংলাদেশ, শ্রীলঙ্কা, মৌরিতাস, বাহরাইন, ভুটান ও নেপালসহ কয়েকটি সীমিত পরিমাণ পেঁয়াজ রফতানির অনুমোদন দিয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রফতানিকারক দেশ ভারত ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত এই পণ্য রফতানি নিষিদ্ধ করেছে। দেশে দাম বৃদ্ধি ও সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের এমন সিদ্ধান্তে প্রতিবেশী দেশগুলোতে পেঁয়াজের দাম বেড়েছে।

এদিকে, রবিবার বৃহত্তম রফতানিকারকরা সরকারের কাছে লেখা একটি চিঠিতে বলেছেন, পেঁয়াজ রফতানি সম্পূর্ণ বন্ধ না করে সীমিত বিধিনিষেধের আলোকে অনুমোদন দেওয়া উচিত। কারণ বিপুল পরিমাণে রফতানি করা হলে দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়ে যেতে পারে।