সাকিবের আউটে তামিমের ব্যাঙ্গাত্মক উদযাপন না দেখা মুশফিকের পাল্টা প্রশ্ন

সাকিব আল হাসান নিজের প্রথম বলেই নিয়েছেন তামিম ইকবালের উইকেট। আবার সাকিবের আউটে ব্যাঙ্গাত্মক উদযাপন করে আলোচনায় তামিম। ম্যাচ চলাকালেই দুজনের এমন কাণ্ড জায়গা করে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুজনের ভক্তদের মাঝেও আছে ভিন্ন ভিন্ন মন্তব্য। 

ম্যাচশেষে অফিসিয়াল সংবাদ সম্মেলনেও থেকে গেল সেই রেশ। অবশ্য সেখানে প্রশ্নের উত্তর দিতে হয়েছে দুজনেরই ঘনিষ্ঠ বন্ধু মুশফিকুর রহিমকে। 

সাকিব আউট হওয়ার পর তামিমের সেই ব্যঙ্গাত্মক উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে মুশফিক জানালেন তিনি নাকি সেই উদযাপনই দেখেননি, ‘সত্যিকথা আমি সেলিব্রেশনটা দেখি নাই। আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কিনা। এইটুকুই। এরপর কে ব্যাটিংয়ে আসবে এটা নিয়ে প্ল্যানিং। এখন বললেন, হাইলাইটস গিয়ে দেখতে পারি কী সেলিব্রেশন।’ 

দিনের আলোচিত ঘটনা হিসেবে তামিমের আউট নিয়ে প্রশ্ন উঠে এসেছিল স্বাভাবিকভাবেই। তবে মুশফিক যেন খানিক বিরক্তই হলেন এমন প্রশ্নে। জবাবটাও দিলেন সেভাবেই, ‘এর আগে সাকিবের বলে তামিম আউট হয় নাই? বা তামিম সাকিবের বলে ছয় মারে নাই? আপনারা যদি ওইভাবে দেখেন তাহলে হতে পারে, আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের নলেজের ব্যাপার।'