কিমের জন্য গাড়ি উপহার দিলেন পুতিন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে "বিশেষ ব্যক্তিগত সম্পর্কের" স্বীকৃতি হিসেবে একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান তৈরি গাড়িটি কিমকে তার 'ব্যক্তিগত ব্যবহারের' জন্য উপহার দেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

কেসিএন-এ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি (রোববার) রাশিয়ার তৈরি গাড়িটি উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং সহ কিমের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তবে কোন মডেলের গাড়ি দেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি।

উপহার গ্রহণ করে কিমের পক্ষ থেকে পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন কিমের বোন। উপহারটি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন বলেও জানান তিনি।

তবে এ উপহার জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে বলছে আল জাজিরা। কারণ উত্তর কোরিয়ায় জাতিসংঘের রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে।

কিমের বিলাসবহুল বিদেশি গাড়ির বিশাল সংগ্রহ রয়েছে। তাকে প্রায়শই মার্সিডিজ-মেব্যাচ এস৬০০, রোলস-রয়েস ফ্যান্টম এবং লেক্সাস ৫৭০ সহ বিলাসবহুল গাড়িতে চড়তে দেখা যায়।

তবে বিলাসবহুল পণ্য হওয়ায় জাতিসংঘ উত্তর কোরিয়াতে এগুলোর রপ্তানি নিষিদ্ধ করেছে। ধারণা করা হয়, কিমের সংগ্রহে থাকা গাড়িগুলো বেশির ভাগই বিদেশ থেকে অবৈধভাবে পাচার করা।

 

গত বছরের সেপ্টেম্বরে রাশিয়াতে সফরের সময়, কিম রুশ প্রেসিডেন্ট পুতিনের অরাস সেনেট লিমুজিনের প্রশংসা করেছিলেন এবং রুশ এই নেতা কিমকে গাড়ির পেছনের আসনে একসাথে বসতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিম ও পুতিন গত সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছেন। এর পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও জোরালো হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে একঘরে করে রাখা হয়েছে। অন্যদিকে পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য উত্তর কোরিয়া আন্তর্জাতিকভাবে একঘরে।