রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় তিন যুগ আগে পারিবারিক দ্বন্দ্বে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার তারিখ ফের পিছিয়ে ১৩ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালতে এ রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এ দিন বিচারক ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক আক্তারুজ্জামান রায় ঘোষণার জন্য ১৩ মার্চ দিন ধার্য করেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এই রায় ঘোষণা করবেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি তারিখ ঠিক করেছিলেন আদালত। তবে ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি ঠিক করেন আদালত।
মামলার আসামিরা হলেন— আনাস মাহমুদ ওরফে রেজওয়ান (৫৯), ডা. হাসান আলী চৌধুরী (৭০) ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন (৬৪) এবং মারুফ রেজা ও মন্টু মন্ডল। মামলাটিতে এখন পর্যন্ত ৫৭ জন সাক্ষীর ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২০১৯ সালের ১৬ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতের জিআর শাখায় এ চার্জশিট জমা দেন। ২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকাল ৫টার দিকে সগিরা মোর্শেদ সালাম (৩৪) বাসা থেকে বের হয়ে তার দ্বিতীয় শ্রেণিপড়ুয়া বড় মেয়ে সারাহাত সালমাকে বাসায় আনতে স্কুলের দিকে যাচ্ছিলেন। স্কুলের সামনে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার হাতের বালা ধরে টান দেয়। বালা দিতে অস্বীকার করায় সগিরাকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুস সালাম চৌধুরী রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।