ইসরায়েলি আগ্রাসন

গাজায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ২৯ হাজার

গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলের নির্বিচারে হামলার ফলে প্রতিনিয়ত মারা যাচ্ছে অসংখ্য মানুষ। এর ফলে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় আরও ১০৭ ফিলিস্তিনি নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। খবর আল জাজিরা।

এতে করে গাজাতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২ জন। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া গাজায় ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬৯ হাজার ২৮ জন আহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ জানিয়েছে যে, দখলদার ইসরায়েলি বাহিনী আহত মানুষদের কাছে অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছে না। এছাড়া উপত্যকায় বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্মীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

ইসরায়েলি হামলার কারণে গাজার ভূখণ্ডের ২৩ লাখ মানুষের মধ্যে ১৩ লাখই বর্তমানে আশ্রয় নিয়েছেন দক্ষিণের শহর রাফাহতে। তবে এখন সেখানেও হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল।

এছাড়া আগামী ১০ মার্চের মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হলে রাফাহতে তীব্র আক্রমণ চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল।