মেহেন্দীগঞ্জে ২০৮ প্রাথমিক বিদ্যালয়ে একটিতেও নেই শহীদ মিনার

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ২০৮টি প্রাথমিক বিদ্যালয়ের একটিতেও নেই শহীদ মিনার। এছাড়া বরিশাল জেলার মাত্র ১০ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বরিশাল জেলায় ১৫৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১৫৩টি স্কুলে শহীদ মিনার আছে।

জেলার উপজেলাগুলোর মধ্যে- আগৈলঝাড়াতে ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ২টিতে, উজিরপুরে ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০টিতে, গৌরনদীতে ১৩১টির মধ্যে ১২টিতে, সদর উপজেলায় ২০৩টির মধ্যে ১৩টিতে, বাকেরগঞ্জে ২৮০টির মধ্যে ১৬টিতে, বানারীপাড়ায় ১২৬টির মধ্যে ৫টিতে, বাবুগঞ্জে ১৩৪টির মধ্যে ৩০টিতে, মুলাদীতে ১৪০টির মধ্যে ১৯টিতে এবং হিজলায় ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৮টিতে শহীদ মিনার আছে।

শহীদ মিনার না থাকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, শহীদ মিনার না থাকায় কেউ স্কুলে এসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে না।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘শহীদ মিনারের সংখ্যা না দেখে বলতে পারব না। তবে আমার জানা মতে শহীদ মিনারের জন্য সরকারি পর্যায়ে বাজেট আসে। স্থানীয় পর্যায়েও কেউ যদি শহীদ মিনার নির্মাণ করতে চায় তাহলে করতে পারে।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা শিকদার গণমাধ্যমকে বলেন, 'প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিত। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে এটি করতে হবে। শহীদ মিনার নির্মাণ করতে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।'