শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে বিশ্বকাপের যে স্টেডিয়াম

একটি অলিম্পিকের আসরের ভেন্যু। দুটি ফুটবল বিশ্বকাপ ফাইনালের স্বাক্ষী এই স্টেডিয়াম। শুধু তাই নয় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে ধরেছেন দুই কিংবদন্তী পেলে ও ডিয়েগো ম্যারাডোনা। সেই মাঠ আগামী ২০২৬ বিশ্বকাপেরও ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে। তবে তার আগে প্রয়োজন মাঠের সংস্কার। তাই অর্থ সংগ্রহের জন্য মঙ্গলবার স্টক এক্সেচেঞ্জে যুক্ত হচ্ছে ভেন্যুটির মালিক ক্লাব আমেরিকা।

মেক্সিকো তথা ল্যাটিন আমেরিকার ম্যাস মিডিয়া ও এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান টেলিভিসার মালিকানাধীন ফুটবল দল ক্লাব আমেরিকা। মেক্সিকোর অন্যতম সফল দলও তারা। যাদের ঝুলিতে আছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি। তাদেরই হোমগ্রাউন্ড হিসেবে পরিচিত আজতেকা স্টেডিয়াম। যে ভেন্যুতে আবারও গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত বিশ্বকাপের ম্যাচ।

স্টেডিয়াম সংস্কারের অর্থ সংগ্রহের জন্য মেক্সিকো সিটি-ভিত্তিক দলটি মেক্সিকান স্টক এক্সচেঞ্জে (বিএমভি) ওলামানি কোম্পানির নামে তালিকাভুক্ত হবে। স্টেডিয়ামের সংস্কারের জন্য প্রয়োজন ১৫০-১৬০ মিলিয়ন মার্কিন ডলার। টেলিভিসার কৌশল অনুসারে শেয়ারের প্রাথমিক মূল্য ২.৫৯ মেক্সিকান পেসো (০.১৫ মার্কিন ডলার) হবে, যা শেয়ার বাজারের সর্বনিম্ন। মেক্সিকোর সবচেয়ে সফল ক্লাব এবং বর্তমান চ্যাম্পিয়ন আমেরিকা গত বছরের ফোর্বসের তালিকা অনুসারে ল্যাটিন আমেরিকার দশম মূল্যবান ফুটবল দল, স্টেডিয়ামসহ ক্লাবটির বর্তমান বাজার মূল্য ২৫৬.১ মিলিয়ন মার্কিন ডলার।

৮৩ হাজার ২৬৪ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি প্রথম স্টেডিয়াম যেখানে দুটি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, ১৯৭০ সালে পেলের ব্রাজিল প্রথম এবং ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা দ্বিতীয়টি জিতেছিল।

২০২৬ বিশ্বকাপের যৌথভাবে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এবং ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে। অ্যাজটেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, গ্রুপ পর্বের আরও দুটি ম্যাচ, একটি প্রথম নকআউট রাউন্ডে এবং একটি রাউন্ড অফ ১৬-তে।