কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমানের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ এবং অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদে পদত্যাগ করেছেন একই হলের আবাসিক শিক্ষক কুলছুম আক্তার স্বপ্না।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কুলছুম আক্তার স্বপ্না ও রেজিস্ট্রার দপ্তর স্বাক্ষরিত এক পদত্যাগপত্রের মাধ্যমে বিষয়টি জানা যায়।
কুলছুম আক্তার স্বপ্না বলেন, হল প্রভোস্টের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ এবং অশিক্ষকসুলভ আচরণের প্রতিবাদে আমি পদত্যাগ করেছি। সেই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বলেন, আমরা পদত্যাগপত্র পেয়েছি এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।
উল্লেখ্য, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শেষে আওয়ামীপন্থি নীল দল পূর্ণ প্যানেলে জয়যুক্ত হয়ে শিক্ষক সমিতি-২০২৪ এর নির্বাচিত সদস্যগণ ও সাধারণ শিক্ষকগণ উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সেখানে উপাচার্যের উপস্থিতিতে সাহেদুর রহমানকে স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ এবং অশিক্ষকসুলভ আচরণ করতে দেখা যায়।