সুগন্ধা পয়েন্ট এখন ‘বঙ্গবন্ধু বিচ’, মুক্তিযোদ্ধাদের নামে নতুন বিচ

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের নাম পরিবর্তন করে নতুন নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিচ’। একই সঙ্গে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গাকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে কক্সবাজার জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচ এর মাঝখানের খালি জায়গায় বীর মুক্তিযোদ্ধা বিচ নামকরণে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।