‘অর্ডার অফ অস্ট্রেলিয়া মেডাল’ সম্মাননা পেলেন ড. সাবরিন

অস্ট্রেলিয়ার জেনারেল ডিভিশনে সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া মেডাল’ এ ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি ড. সাবরিন ফারুকী। সরকারি এবং বেসরকারি খাতে উচ্চশিক্ষা, গবেষণা এবং পলিসি বিষয়ে কমিউনিটি অ্যাডভোকেসিতে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই সম্মাননা পেয়েছেন।

এর আগে ৫ জন বাংলাদেশি এই গৌরব অর্জন করলেও ড. সাবরিন হচ্ছেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নারী। সম্প্রতি অস্ট্রেলিয়া ডে-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। তিনি অভিবাসী ও শরণার্থীদের পক্ষে একজন বলিষ্ঠ প্রবক্তা হিসেবেও বিশেষভাবে পরিচিত।

সাবরিন ফারুকী অস্ট্রেলিয়ান লেবার পার্টির সদস্য এবং সিডনীর কম্বারল্যান্ড সিটি কাউন্সিলের একজন কাউন্সিলর। এ ছাড়া নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান লেবার পার্টির পলিসি ফোরামের একজন নির্বাচিত সদস্য তিনি।

ঢাকায় জন্মগ্রহণকারী ড. সাবরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় এবং সিডনি থেকে যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। সিডনি বিশ্ববিদ্যালয়ে তিনি ‘বেস্ট রিসার্চ স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ নির্বাচিত হন। ড. সাবরিন অস্ট্রেলিয়ায় শিক্ষকতা ও সরকারি চাকরির পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন।

দু’বছর যাবত ‘ফেয়ার ওয়ার্ক’ অমবাডসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া তিনি কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড নামক একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান পরিচালনাও করছেন।