বগুড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়ার গাবতলীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধা ও দুটি গরু মারা গেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কলাকোপা গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এত প্রায় ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো. কামরুজ্জামান। নিহত কাবাশি বেওয়া কলাকোপা গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী ও আগুনে ক্ষতিগ্রস্ত মোস্তাফিজার রহমানের শাশুড়ি।

থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কলাকোপা গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়ির গোয়াল ঘরের বৈদ্যুতিক বাল্ব বিষ্ফোরণে পাটখড়িতে আগুন লাগে। আগুনে গোয়াল ঘর থেকে পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমিয়ে পড়া মোস্তাফিজারের শাশুড়ি কাবাশি বেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা যান এবং গোয়ালে থাকা ২টি গরু পুড়ে মারা যায়।

মোস্তাফিজার রহমানের পরিবারের দাবি, আগুনে পুড়ে আনুমানিক ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোয়াল ঘরের বৈদ্যুতিক বাল্ব বিষ্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত ব্যক্তি ও গরুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।