বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আদর, স্নেহ, ভালোবাসা, আর পরম নির্ভরতার নাম বাবা। জীবনের সব ক্ষেত্রেই বাবার থেকে বেঁচে থাকার শক্তি পায় সন্তান। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। তাই এই বাবার কিছু হলে সন্তানরা ঠিক থাকতে পারেনা। আর জন্মদাতা বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলে সেই সন্তান আর কীভাবে স্বাভাবিক থাকে। কিন্তু রংপুরের পীরগাছায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। নিজের জন্মদাতা বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হুমায়রা আক্তার তিন্নি নামে এক পরীক্ষার্থী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পীরগাছা জেএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় সে। এর আগে গতকাল রবিবার রাত ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন পরীক্ষার্থীর বাবা। এদিন রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওই পরীক্ষার্থীর বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব রতন। পরীক্ষার্থী হুমায়রা আক্তার উপজেলার রাজবাড়ী উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়েছি। তাকে সান্ত্বনা দিয়েছি। তার যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয় সে বিষয়টি খেয়াল রাখছি।’