২০১৮ সালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশের সুলতানপুরে এক এমপি/বিধায়ক আদালত কংগ্রেস নেতার জামিন মঞ্জুর করে।
বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র।
এদিন সকালে উত্তরপ্রদেশের আমেঠি থেকে সুলতানপুর আদালতে হাজির হন ওয়ানাডের সংসদ সদস্য রাহুল। এ সময় আদালত চত্বরে কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিল। রাহুল আদালত কক্ষে পৌঁছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভুল। এরপর বিচারপতির সামনে যুক্তি পেশ করেন রাহুলের আইনজীবী। আদালত তার জামিন মঞ্জুর করে পরবর্তী তারিখ দেন।
অভিযোগকারী বিজয় মিশ্র বলেন, রাহুল গান্ধী বেঙ্গালুরুতে অমিত শাহের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিলেন। এই অভিযোগগুলো যখন শুনেছি, তখন আমি ব্যথিত হয়েছিলাম। কারণ আমি ৩৩ বছর ধরে বিজেপির জন্য কাজ করেছি।
তিনি বলেন, বিজেপি দেশের সবচেয়ে বড় দল। এমন দলের কেন্দ্রীয় সভাপতিকে খুনি বলা অন্যায়। এতে আমরা গভীরভাবে আহত হয়েছি এবং তারপর আমি অভিযোগ দায়ের করি।