আর্জেন্টাইন আরও একজনকে দলে পাচ্ছেন মেসি

নিজের সময়ে পৃথিবীর সেরা মিডফিল্ডারদের একজন ছিলেন স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটস। কেমন হতো আপনি যদি একটি পরীক্ষাগারে বুসকেটসের হুবহু একটি মানব ক্লোন তৈরি করলেন যিনি কি না বুসকেটসের চেয়ে ১৫ বছরের ছোট। আবার সেই ক্লোনটিকেই খেলা শেখার সুযোগ করে দিলেন বুসকেটসের সঙ্গে। মানব ক্লোন তৈরি অবৈধ হলেও এই ঘটনা ঘটতে যাচ্ছে। কেননা আর্জেন্টিনোস জুনিয়র থেকে ইন্টার মায়ামিতে পাড়ি জমাতে যাচ্ছেন ২১ বছরের ফেডেরিকো রেডন্ডো। দৈহিক গড়ন থেকে শুরু করে খেলার ধরন মিলিয়ে যাকে এরই মধ্যে আখ্যা দেওয়া হয়েছে বুসকেটসের ক্লোন হিসেবে।

ফেডেরিকোর বাবা ফার্নান্দো রেডন্ডো খেলেছেন এসি মিলান ও রিয়াল মাদ্রিদে। রিয়ালের হয়ে দুইবার লা লিগা ও দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এসি মিলানের হয়ে জিতেছেন একটি করে লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সবশেষবার মেসিদের কোপা জেতার আগে ১৯৯৩ সালে আলবিসেলেস্তে জার্সিতে কোপা আমেরিকা জেতেন সিনিয়র রেডন্ডো। এমনকি তার দাদা জর্জে সোলারি আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের নামজাদা খেলোয়াড়দের একজন।

রেডন্ডো হাভিয়ের মাসচেরানোর অধীন যুব দলটির নিয়মিত খেলোয়াড়। অলিম্পিক নিশ্চিত করার চুড়ান্ত বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে যোগ করা সময়ে মূল্যবান গোল করে ড্র নিশ্চিত করেন রেডন্ডো। এই খেলোয়াড়টিই হতে যাচ্ছে হেরনসদের নব্য সংযোজন। সেখানে তিনি পাবেন আর্জেন্টিনার অধিনায়ক ও বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। এক ড্রেসিংরুম ভাগ করবেন সার্জিও বুসকেটসের সঙ্গে। পাবেন টাটা মার্তিনোর মতো অভিজ্ঞ ও স্বদেশি কোচের দীক্ষা।

টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা যায়, রেডন্ডোর পারিশ্রমিক হতে যাচ্ছে ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। দুই পক্ষের চুক্তি বিষয়ক অনাকাঙ্খিত জটিলতা তৈরি হলেও তা কেটে গেছে। নতুন চুক্তি অনুযায়ী যুব এই আলবিসেলেস্তের গায়ে উঠতে যাচ্ছে মায়ামির গোলাপী জার্সি। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।