ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুরে নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শহীদ মিনার মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায়ও অপরিচ্ছন্ন ও ময়লা আর্বজনার স্তুপে নিমজ্জিত ছিল।
এ সময় দৈনিক দেশ রূপান্তর'র প্রতিনিধির দৃষ্টি যায় প্রতিষ্ঠানের শহীদ মিনারের দিকে। তিনি বিকেল ৫টায় শহীদ মিনারের এ অবস্থা দেখে মোবাইল দিয়ে কয়েকটি ছবি তুলেন। এই খবর পৌঁছে যায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে। এতে টনক নড়ে তাদের। হঠাৎ করেই ছুটে আসেন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। শুরু করেন শহীদ মিনার পরিচ্ছন্নতার কাজ।
আগামীকাল ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যা সর্বাত্মকভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। কিন্তু এ প্রতিষ্ঠানে ৫২র ভাষা আন্দোলনের স্মৃতিতে নির্মিত শহীদ মিনার এতটাই অসহায় যেন দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের বিভিন্ন স্থানের টাইলস উঠে গেছে। বেদিতে ঘাস গজিয়েছে। উপরের দিকে গাছের ঢাল শহীদ মিনারের দিকে নুয়ে পড়ে আছে। ধুলাবালি, ময়লা আর্বজনায় একাকার হয়ে আছে শহীদ মিনারটি। তবে এলাকার কয়েকজন ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকি ও দায়িত্বহীনতার কারণেই আজ শহীদ মিনারের এ অবস্থ।
এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান আব্দুল হান্নান মো. আজমলের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মাওলা বলেন, আমি বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে এখনই কথা বলেছি। তারা এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নিবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আল মামুন বলেন, আজ আমি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। এ সময় বলে আসছি। আসলেই বিষয়টি দুঃখজনক। বিষয়টি নিয়ে আবারও প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করতেছি।
এ দিকে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহীদ মিনারটি পরিচ্ছন্নতা কাজ শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ।