সিসিমপুরের নতুন মৌসুম

শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম, সিজন-১৬। নতুন এই মৌসুমে হালুম, টুকটুকি, ইকরি, শিকু ও জুলিয়া হাজির হবে নতুন নতুন সব গল্প নিয়ে আর তাদের সঙ্গে এই সিজনে যুক্ত হবে নতুন আরেক বন্ধু আমিরা। আমিরা চরিত্রটি সিসিমপুরে বিশেষ সংযোজন। সে একজন স্বভাবজাত নেতা ও তুমুল আত্মবিশ্বাসী একজন শিশু। বেশির ভাগ সময় সে ক্র্যাচে ভর দিয়ে ঘুরে বেড়ায় আর অন্য সময় সে হুইল চেয়ার ব্যবহার করে। নতুন এই সিজনের সেøাগান- পনেরো শেষে ষোলো আসে, থাকব সবাই সবার পাশে। সিজন-১৬ এর আনকোরা পর্বগুলো দেখা যাবে আরটিভি, দুরন্ত টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনের পর্দায়। সবাইকে অন্তর্ভুক্তিকরণ এবং নিজের প্রতি যত্নশীল হওয়া এই বিষয় দুটিকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে সিসিমপুরের ১৬তম মৌসুম। এছাড়া মজার মজার গল্পের মাধ্যমে প্রাক-গণিত, প্রাক-পঠন, অটিজম, পুষ্টিকর খাবারের গুরুত্ব, বিশ্লেষণী চিন্তা-ভাবনা, জেন্ডার বিষয়ক প্রচলিত সংস্কারকে জয় করা এবং ভিন্ন ভিন্ন ভাবপ্রকাশের উপায়কে সম্মান দেখানোর মতো বিষয়গুলোকে তুলে ধরা হবে।