শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে রাজশাহীর তানোরে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলা সদরের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামে খুন হন তিনি।
নিহত আওয়ামী লীগ কর্মীর নাম জিয়ারুল হক (৩৬)। তিনি তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের মোহর আলি ছেলে। জিয়ারুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানীর চাচাতো ভাই।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে তানোর উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান জিয়ারুল। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে গভীর রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। নিজের মোটরসাইকেলে করে পাঁচ কিলোমিটার দূরে নিজ বাড়ি বিলশহর গ্রামের দিকে চলে যান জিয়ারুল।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গ্রামের পাকা রাস্তার পাশে তার মরদেহ পড়ে ছিল। মরদেহর পাশেই তার মোটরসাইকেলটিও পড়ে ছিল।
রাজশাহী জেলা পুলিশের গোদাগাড়ী সার্কেলের এএসপি সোহেল রানা জানান, রাত ২টার দিকে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুরিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার কেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদে জন্য নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এএসপি সোহেল রানা জানান, নিহত জিয়ারুলের শরীরের সামনে পেছনে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় যে আঘাত সেটি মনে হচ্ছে ধারালো অস্ত্রের আঘাত। সব কিছু মিলিয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের পর আরও তথ্য পাওয়া যাবে। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করার কাজ করছে পুলিশ।