প্রয়াত হলেন প্রবীণ বেতার উপস্থাপক আমিন সাহনি। মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আমিনের পুত্র রাজিল সাহনি এই খবর জানিয়েছেন।
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩২ সালের ২১ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আমিন। বেতার জগতে তার সফর শুরু হয় মূলত ইংরেজি উপস্থাপক হিসেবে। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি হিন্দি উপস্থাপনার উপর বেশি জোর দেন। নিজস্ব ব্যারিটোন কণ্ঠস্বরের জন্য শ্রোতাদের মধ্যে অল্প সময়ের মধ্যেই আমিন পরিচিত হয়ে ওঠেন। তবে ১৯৫২ সালে আমিনকে প্রচারের আলোয় নিয়ে আসে জনপ্রিয় বেতার সঙ্গীতানুষ্ঠান ‘গীতমালা’।
অনুষ্ঠানের শুরুতে আমিনের কণ্ঠে ‘বোন ও ভাইয়েরা’ এই অনুষ্ঠানের পরিচিত মেজাজ তৈরি করে দেয়। সেই সময়ে বলিউডের জনপ্রিয় গানের সঙ্গে তার কণ্ঠস্বরের যুগলবন্দি দেশের মানুষের মন জয় করে নেয়। এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে পড়ে যে, ১৯৯৪ সাল পর্যন্ত রেডিওতে তা নিয়মিত সম্প্রচারিত হয়। পরবর্তী সময়ে ২০০০ ও ২০০১ সালে কিছু পরিবর্তন করে পুনরায় অনুষ্ঠানটিকে ফিরিয়ে আনা হয়।
ক্যারিয়ারে প্রায় ৫৪ হাজার রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করেন আমিন সাহনি। বিজ্ঞাপনের জগতেও তার ভয়েসওভারের সংখ্যা ১৯ হাজারেরও বেশি। আমিনের প্রয়াণে দেশের বেতার জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনুরাগীরা সমাজমাধ্যমে প্রয়াত উপস্থাপককে শোকবার্তায় স্মরণ করেছেন।