ভাষার মাসে কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার সকল শ্রেণী পেশার মানুষের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরী’ স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এমন লাইব্রেরি পেয়ে দারুণ খুশি কুড়িগ্রামের জ্ঞান পিপাসু মানুষ। জেলা পুলিশের উদ্যোগে চরাঞ্চলের হাট-ঘাট প্রত্যন্ত এলাকায় প্রায় অর্ধশত ফ্রি লাইব্রেরি করা হয়েছে। এসব লাইব্রেরি স্থাপনের ফলে জ্ঞানের আলো ছড়াচ্ছে এসব এলাকায়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় ও বউ বাজার এলাকায় দুইটি ফ্রি লাইব্রেরি ব্যবস্থা করে পুলিশ। এ সময় পুলিশের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বউ বাজার এলাকার শিক্ষক সেলিম রেজা বলেন, আমাদের এলাকা তো একদম প্রত্যন্ত। আশেপাশে কোনো লাইব্রেরি নেই। বই পড়ার সুযোগও নেই এখানে। আজ পুলিশের লিটল ফ্রি লাইব্রেরি হওয়ার কারণে বই পড়ার সুযোগ পেয়েছে এখানকার বাসিন্দারা। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, লিটল ফ্রি লাইব্রেরী আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি একটি অনন্য প্রয়াস। টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যন্ত মানুষ অবসর সময়ে আষাঢ়ে গল্প না করে বই পড়ুক।
তিনি আরও বলেন, মহাকাব্যিক মুক্তিযুদ্ধ, অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টা সম্পর্কে জেনে নিজেকে বিকশিত করুক। লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিক ভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু, সমাজ জীবন নির্ভর ও ভবিষ্যতমুখী বইসমূহ স্থান পেয়েছে। ভবিষ্যতে এমন লাইব্রেরি জেলা জুড়েই স্থাপন করার পরিকল্পনা রয়েছে আমাদের।