প্রথমবার অভিনয়, ‘এক দৃশ্যেই’ আলোচনায় রেহান 

কিছুদিন আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘আরারাত’। মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে ভিকি জাহেদ পরিচালিত এই সাসপেন্স, থ্রিলার সিরিজটি। সিরিজটির ‘এক দৃশ্যে’ হাজির হয়েই আলোচনায় চলে এলেন ফররুখ আহমেদ রেহান। এখানে তাকে দেখা গেছে জ্বীনের চরিত্রে।

খুব স্বল্প সময়ের উপস্থিতি হলেও গল্পের টুইস্ট এবং সেই দৃশ্য নিয়ে সোশ্যালে চলছে তুমুল আলোচনা। মডেলিং করা হলেও এর আগে কখনও অভিনয় করেননি রেহান। এটাই তার অভিনীত প্রথম কাজ। প্রথম অভিনয়েই দর্শকের মন জিতে নিয়েছেন, করেছেন বাজিমাত।

তরুণ এই তুর্কী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি মডেলিং করি, অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু এই কাজটা যে এত বেশি সাড়া ফেলবে এবং আমাকে নিয়ে যে এত প্রশংসা শুনতে পাব, সেটা কখনও কল্পনাও করিনি। এরজন্য পরিচালক ভিকি জাহেদ ভাইয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। তিনি আমাকে বিশ্বাস করে এই কাজের সুযোগটা করে দেওয়ার জন্য।’

ফররুখ আহমেদ রেহান

ফররুখ আহমেদ রেহান আরও বলেন, ‘আমার ক্যারিয়ার ২০১৯ থেকে শুরু। তখন বিভিন্ন ফটোশুট করতাম, বিজ্ঞাপনে কাজ করতাম। এরপর মাঝে কোভিডের জন্য অনেক বড় একটা গ্যাপ ছিল এরপর আবার কাজ শুরু করি। মডেলিং করলেও অভিনয়ের প্রতি আমার বিশেষ একটা টান রয়েছে। বহুবার চেষ্টা করেছি কিন্তু সুযোগ পাইনি। অনেকেই বলেছেন কিন্তু সুযোগ দেননি। মডেলরা অভিনয় পারে না—এমন কথাও শুনতে হয়েছিল।  মনে খুব জেদ চেপেছিল, একদিন কিছু একটা করব। কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। এরপর এই কাজটার প্রস্তাব এল, খুব অল্প সময় পেয়েছি কাজটার প্রস্তুতি নেওয়ার জন্য। আরেকটু সময় পেলে হয়তো আরও ভালো কিছু করতে পারতাম।’  

‘আরারাত’ এ যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার একটা পোর্টফোলিও করা ছিল, সেই ছবিগুলো দেখেই হয়তো ভিকি জাহেদ ভাইয়ার ভালো লেগেছে এবং তার মনে হয়েছে যে, উনি যে চরিত্রটার লুক চাচ্ছেন সেটা একদম মিলবে। তারপর আমাকে ডাকা হয় অডিশনের জন্য। আমি শুধু এতটুকুই বলেছিলাম, আমি অভিনয় জানি না এবং আইডিয়াও নেই কোনো। তবে আমাকে সাপোর্ট করলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।

তখন আমাকে পরিচালক বললেন, ‘পুরো গল্পটার টার্নিং পয়েন্ট এই চরিত্রটাই। চরিত্রটা নেগেটিভ কিন্তু চ্যালেঞ্জিং। চোখ শিফট করা যাবে না, শাফল করা যাবে না, ফ্লুয়েন্সি থাকতে হবে এবং সবচেয়ে বেশি যেটা জরুরি—কনফিডেন্ট থাকতে হবে।’ আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, পারব কি না। যেহেতু আমি অভিনয় জানি না, তার উপর এত এত সিনিয়র এবং ব্রিলিয়ান্ট সব শিল্পী। তবে পুরো টিম থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি যার কারণে কাজটা করতে পেরেছি।’

কাজটি করতে গিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে রেহান বললেন, ‘অভিজ্ঞতা খুবই দারুণ ছিল আবার কিছুটা ভয়ানকও ছিল। কারণ, ওই যে বললাম, আমি কখনও অভিনয় করিনি। আমরা এটার শুটিং করছিলাম মানিকগঞ্জে, গত মাসে যখন দেশে সবচেয়ে নিম্ন তাপমাত্রা বইছিল। আমি রীতিমতো অসুস্থ হয়ে গিয়েছিলাম শুটিংয়ে। আমার খুব পেট খারাপ হয়ে গেল, সেইসাথে খুব বমি হচ্ছিল। সেখানে টিমের যারা ছিলেন সবাই এত বেশি জেন্টেল এবং সাপোর্টিভ ছিল যার কারণে কাজটা সুন্দরভাবে করতে পেরেছি। বিশেষ করে মেহজাবীন আপু, শ্যামল মাওলা ভাইয়া দুজনেও অনেক বেশি সাপোর্ট করেছেন আমাকে। একজন নতুন শিল্পী হিসেবে এটা অনেক বড় পাওয়া।’

জানা গেছে, এরমধ্যে নতুন নতুন গল্পের প্রস্তাব আসছে রেহানের কাছে। অনেক নির্মাতাই তাকে সাধুবাদ জানিয়েছেন এবং নতুন কাজের প্রস্তাব দিচ্ছেন।