খৎনায় শিশুর মৃত্যু: রিমান্ড নয় জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর রেশ না কাটতেই এবার মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আরেক শিশুর মৃত্যু হয়েছে। আহনাফ তাহমিন আয়হাম (১০) নামের ওই শিশু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় আহনাফের বাবা ফখরুল আলম বাদী হয়ে হাতিরঝিল থানায় কর্তব্য অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় হাসপাতালটির দুই চিকিৎসক ডা. এস এম মুক্তাদির ও ডা. মাহবুবকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

গ্রেপ্তার দুই চিকিৎসককে বুধবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মোক্তাদির জে এস হাসপাতালের মালিক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জন। মাহবুব একই হাসপাতালের অবেদনবিদ্যা (অ্যানেসথেসিওলজি) বিভাগের চিকিৎসক। এই মামলার আরেক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইশতিয়াক আজাদ পলাতক রয়েছেন। মামলায় তিনজনের নামে ও অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।