কলা গাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে শিশুরা। গত কয়েকদিন ধরে কয়েকজন শিশু কলা গাছ, রঙিন কাগজ ও পলাশ ফুল দিয়ে শহীদ মিনারটি বানিয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের সখীপুরে বানিয়ারছিট পূর্বপাড়া এলাকায় পাঁচ শিশু ওই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে।
ওই এলাকার চতুর্থ শ্রেণির ছাত্র সাব্বির, শিশু শ্রেণির নাইম, ষষ্ঠ শ্রেণির ছাত্র সাইম এবং ৬ বছর বয়সী সায়মা শহীদ মিনারটি বানিয়েছে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইম ইসলাম জানায়, বাংলা ভাষার জন্য রফিক, শফিক, জব্বার, বরকত সহ অনেকেই শহীদ হয়েছেন। তাদের শ্রদ্ধা জানাতে আমরা শহীদ মিনার বানিয়েছি এবং আজ সকালে তাতে ফুল দিয়েছি।
কালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, তাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার আছে। তবে এটি দূরে হওয়ায় আমার বানিয়ারছিট গ্রামের পূর্বপাড়ায় সকালে শিশু-কিশোরদের নিজেদের তৈরি কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখে আমার মনটা ভরে গেছে।