আবার বড় পর্দায় আসছেন সজল। ‘জীবনের খেলা’ নামের এই সিনেমায় সজলের সঙ্গে জুটি বাঁধছেন সিন্ডি রোলিং। এটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। এটি ওয়ালিদ আহমেদের দ্বিতীয় সিনেমা । এর আগে তার নির্মিত ‘মেঘের কপাট’ গত বছরের নভেম্বরে মুক্তি পায়। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এই সিনেমাতে সজল ও চিত্রনায়িকা সিন্ডি রোলিং ছাড়াও অন্যান্য চরিত্রেও অনেক চমক থাকবে বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, ভার্সেটাইল হিরো সজল এ সময় সবচেয়ে এক্সপেরিমেন্টাল আর্টিস্টদের একজন। একেক সিনেমায় তিনি একেক রূপে হাজির হচ্ছেন আর জয় করে নিচ্ছেন। তার সঙ্গে অ্যাকশন করার জন্য সিন্ডি রোলিংয়ের বিকল্প নেই। সিন্ডি আগেই তার সক্ষমতা দেখিয়েছেন। গান, গল্প আর অ্যাকশন মিলিয়ে দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন আমার বিশ্বাস।
চিত্রনায়ক সজল বলেন, সিনেমায় আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি, যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন এবং পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখব। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। দর্শক আমাকে নতুনভাবে পাবেন। উল্লেখ্য, ‘জিন’ ও ‘১৯৭১ : সেইসব দিন’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন সজল।