সাংবাদিকদের রিজভী

আমরা আজও গণতন্ত্রহারা অধিকারহারা

মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে নেতাকর্মীরা দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর আজিমপুরে ভাষাশহীদদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা আজও গণতন্ত্রহারা, আজও অধিকার হারা।’

রিজভী বলেন, ‘হানাদারশক্তি আমাদের ভাষার অধিকারকে আত্মসাৎ করেছিল, হরণ করেছিল। ঠিক একইভাবে দেশীয় হানাদারশক্তি জনগণের ভোটাধিকার, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রত্যেকটা অধিকার হরণ করে তারা একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, আমিনুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আবদুর রহিম, ওলামা দলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার, শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু প্রমুখ।