বাবা-মায়ের ঝগড়া থামাতে গিয়ে বাবার হাতে খুন মেয়ে

গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। গতকাল বুধবার দুপুরে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বুলু মণ্ডল (৪০) টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টির (১৪) লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, বুলুর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামে। তার বাবার নাম মোকলেস মণ্ডল। বুলু স্ত্রী-সন্তান নিয়ে হরিণহাটি এলাকায় শ^শুর চান মিয়ার বাড়িতে থাকতেন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বুলু ও তার স্ত্রী সুমা বেগমের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। প্রায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়।

বৃষ্টি বাবা-মার ঝগড়া থামানোর চেষ্টা করতে গেলে বুলু ম-ল ঘরের দরজা বন্ধ করে মেয়ের গলায় ছুরি চালান। বৃষ্টির চিৎকার শুনে তার মামা ইমরান ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বৃষ্টির গলায় ও বুলু ম-লের পেটে ছুরিকাঘাত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বুলু মণ্ডলকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন,

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েকে হত্যার পর বুলু ম-ল আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।