নাপোলির মাঠে নিস্ফল বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নাপোলির মাঠে এগিয়ে গিয়েও হতাশা নিয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা। প্রথম লেগ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথমার্ধে বার্সার দাপট থাকলেও গোল আদায় করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পান তারকা স্ট্রাইকার। দ্রুত ঘুরে গিয়ে দুই খেলোয়াড়ের চ‍্যালেঞ্জ এড়িয়ে বাঁ পাশের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগান পাননি গোলরক্ষক।

৭৫তম মিনিটে নাপোলিকে সমতায় ফেরান তাদের নাইজেরিয়ান তারকা ভিক্টর ওসিমহেন। তাতে হারের মুখ থেকে ফিরে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখতে পেরেছে ন্যাপলসের ক্লাবটি। বার্সেলোনার মাঠে ১২ মার্চ  ফিরতি লেগে ১-০ গোলে জিততেই পারলেই শেষ আট নিশ্চিত হবে তাদের, তবে কাতালানদের ডেরা বিধায় কাজটা তো কঠিনই!

লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বার্সা

এখনও পর্যন্ত বার্সেলোনার বিপক্ষে জয়ের রেকর্ড নেই নাপোলির। মঙ্গলবার ড্র করায় ন্যাপলসের ক্লাবটির আক্ষেপ আরও দীর্ঘায়িত হলো। পাঁচ ম্যাচের মধ্যে ৩টিতে ড্র ও ২টিতে হেরেছে তারা। স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে শেষ ১৭ ম্যাচের মাত্র ২টিতে জিতেছিল নাপোলি।

বার্সেলোনার সময়টা যে আহামরি ভালো যাচ্ছে, তা-ও না। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৪ ম্যাচে মাত্র ২টি ক্লিনশিট রাখতে পেরেছে তারা। লিগেও নেই সুবিধাজনক অবস্থানে। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে।