অধিকৃত পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি প্রশিক্ষণ এলাকায় দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৬০ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।
দোনেৎস্কে একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার আগমনের জন্য সেখানে জড়ো হয়েছিলেন সৈন্যরা। সেখানেই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
একজন রাশিয়ান কর্মকর্তা হামলার খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সংখ্যা ও প্রতিবেদনগুলোকে "অতিরিক্ত" বলে মন্তব্য করেন তিনি।
গতকাল মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।
বৈঠকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেন শোইগু। তবে দোনেৎস্কে হামলার বিষয়ে কোনো কথা বলেননি তিনি।
বিবিসি জানায়, ৩৬তম মটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্যরা রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ওলেগ মোইসেইয়েভকে বরণ করে নিতে দোনেৎস্কের ত্রুদোভোস্কে এলাকায় অপেক্ষা করছিলেন। তখনই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।
হামলার ঘটনার পর বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়েছে। এমন একটি ভিডিওতে এই ঘটনায় বেঁচে যাওয়া একজন সৈনিক ভিডিও রেকর্ডিংয়ের সময় বলেন যে, ব্রিগেডের কমান্ডাররা তাদের একটি খোলা মাঠে দাঁড় করিয়ে রেখেছিলেন। সে সময় মার্কিন-নির্মিত দুটি ক্ষেপণাস্ত্র তাদের আঘাত করে।
এছাড়া এই ভিডিওসহ অন্যান্য ভিডিও এবং স্থিরচিত্রে দেখা যাচ্ছে যে কয়েক ডজন সৈন্য একটি মাঠে মৃত অবস্থায় পড়ে আছে। বেঁচে যাওয়া অনেকে বলছেন, প্রায় ৬০ জন নিহত হয়েছেন।
তবে এসব ভিডিওর সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে বিবিসি।
ট্রান্সবৈকাল অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ওসিপভ টেলিগ্রামে দোনেৎস্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং বাড়িয়ে বলা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। ওসিপভ জানিয়েছেন, পরে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা হবে।
ইউক্রেনের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বলেও জানিয়েছে বিবিসি।