নৈশপ্রহরীকে বেঁধে রাইস মিলে ডাকাতি, ৬ ডাকাত গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে অটো রাইস মিলে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। 

গ্রেপ্তারকৃতরা হলেন— দিনাজপুর সদর উপজেলার করিমুলাপুর গ্রামের আব্দুর রহিম ওরফে পোড়া রহিম, উপশহর ৬নং ব্লকের শামি ওরফে পবন, কসবা এলাকার আব্দুস সোহাগ, শেখপুরা নিমনগর এলাকার বকুল হোসেন, চিরিরবন্দর উপজেলার ভাবকি গ্রামের ফরিদুল ইসলাম ও হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের আলিম হোসেন। 

ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি রাত পৌনে ৩ টায় হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে নৈশ প্রহরীকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ১৭ ফেব্রুয়ারি মিলের স্বত্বাধিকারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর পরেই হাকিমপুর, দিনাজপুর কোতয়ালী ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়। 

পুলিশ সুপার বলেন, বিভিন্ন থানায় আব্দুর রহিমের নামে ৫টি, শামিমের বিরুদ্ধে ১৪টি, আব্দুস সোহাগের বিরুদ্ধে ১০টি, আলিম হোসেনের বিরুদ্ধে ১টি ও ফরিদুল ইসলামের বিরুদ্ধে ১টি রয়েছে।