বিএনপি নেতাদের জামিন ও মুক্তির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ২৮ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের হামলার প্রেক্ষিতে বিএনপির অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অনেককেই মুক্তি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যাবর্তন চুক্তি করতে সৌদি সরকার আগ্রহী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশেরও আপত্তি নেই। প্রস্তাব পাওয়ার পর সরকার বিষয়টি ভেবে দেখবে। চুক্তি হলে সে দেশে বাংলাদেশি কেউ অপরাধ করলে তারা তাদের ফিরিয়ে দিবে এবং সে দেশের কেউ আমাদের দেশে অপরাধ করলে তাদেরকে আমরা ফিরিয়ে দিবো।
বাংলাদেশের সীমান্ত দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।