সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে অবস্থান কর্মসূচি

সীমান্ত হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে 'হানিফ বাংলাদেশী' নামের একটি সংগঠন লালমনিরহাটে অবস্থান কর্মসূচি ও  মিছিল করেছে। প্রতীকী এই কর্মসূচি প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের মিশনমোড় গোল চত্ত্বরে বাংলাদেশ গণশক্তি পার্টির হানিফ বাংলাদেশীর নেতৃতে প্রতীকী লাশ নিয়ে অবস্থান কর্মসূচি ও  মিছিল অনুষ্ঠিত হয়।

লাশ নিয়ে প্রতীকী এই কর্মসূচি চলাকালে গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমার কিন্তু এই দেশ দুটি সব সময় বাংলাদেশের ওপর আগ্রাসন ও সীমান্তে প্রতিনিয়ত হত্যা চালিয়ে যাচ্ছে। ভারত সীমান্তে সাধারণ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে।

গত ৪ মাসে ভারত সীমান্তে ২১ জন বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।

সংগঠনটি আরো জানায়, লাশ নিয়ে প্রতীকী কর্মসূচি পালনে উদ্দেশ্য সীমান্ত আগ্রাসন ও হত্যা বন্ধে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও জনসচেতনতা সৃষ্টি করা। ২০২০ সাল হতে প্রতীকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম জেলায় পদযাত্রা শুরু হয়। এবার ১৬ ফেব্রুয়ারি হতে পুনরায় দেশের  কক্সবাজারের টেকনাফ থেকে প্রতীকী লাশ নিয়ে লালমনিরহাটসহ সকল সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।