কনডমের প্যাকেটে দলীয় প্রচারণা, বিলি হচ্ছে বাড়ি বাড়ি

রাজনীতিতে কনডমের ভূমিকা থাকতে পারে? অনেকে বলবেন বিষয়টি অদ্ভূত। তবে ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে সম্প্রতি এমন ঘটনার দেখাই মিলছে।

লোকসভা নির্বাচনের আগে সেখানকার রাজনৈতিক দলগুলোর প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে জন্ম নিরোধক।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরার্ল্ড।

একটি ভিডিওতে দেখা গেছে, ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টির প্রতীক যুক্ত কনডমের প্যাকেটগুলো দলীয় কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছে। তবে শাসক ও বিরোধী দল একই কাজ করলেও কনডম বিলি করা নিয়ে একে অপরকে আক্রমণ করছে তারা।

ওয়াইএসআর কংগ্রেস পার্টি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, আর কত নিচে নামবে রাজ্যের প্রধান বিরোধী দল।

তাদের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তেলুগু দেশম পার্টির লোগো সম্বলিত কনডমের প্যাকেট নিয়ে আলোচনা করছে দুজন। তারা বিষয়টিকে ‘প্রচার পাগলামি’ হিসেবে অভিহিত করেন। একইসঙ্গে বিরোধীরা তাদের প্রচারের অংশ হিসেবে ভায়াগ্রা বিতরণের পরিকল্পনা করছে কিনা তাও জানতে চান।

আবার কনডম নিয়ে প্রচার করায় শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে রাজ্যের প্রধান বিরোধী দল। তারা বলছে এটি ‘জঘন্য প্রচারণা’। তারা ওয়াইএসআর কংগ্রেস পার্টির নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে বিষয়টি এখানেই শেষ নয়। এবার কনডমের পাশাপাশি রাজ্যে দলগুলোর মধ্যে অ্যানিমেশন যুদ্ধও চলছে।