ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। কল, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ তথা ‘খ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ঢাবির এবারের ভর্তিযুদ্ধ। এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আগামীকাল ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ২৭৯টি। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ৪২ জন শিক্ষার্থী লড়াই করবেন। পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।

বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাবির চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘ক’ ইউনিট তথা বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি ৬৬টি আবেদন পড়েছে। ‘গ’ ইউনিট তথা ব্যাবসায় শিক্ষায় ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৮১টি। 'চ’ ইউনিট তথা চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।

এ বছর ঢাকার মধ্যে ৬৬ কেন্দ্রের পাশাপাশি বিভাগীয় শহরগুলোসহ মোট ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।

পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আসন বিন্যাসও প্রকাশ করা হয়েছে। ইউনিট প্রধানরা বিষয়টি সমন্বয় করবেন।

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। ইতোমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটবে না।