আসন্ন রমজান ও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন। ফলে কেজিপ্রতি চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৪০ টাকাই থাকলো।
এর আগে একই দিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করার কথা জানিয়েছিল চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। এই ঘোষণার আগে কেজিপ্রতি চিনির মূল্য ১৪০ টাকা নির্ধারণ করে সংস্থাটি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই দর ঠিক করা হয়েছে। নতুন করে কেজিপ্রতি চিনির মিলগেট ও করপোরেট সুপারশপে বিক্রয়মূল্য ১৫৫ টাকা ধার্য করা হয়েছে। আর বিভিন্ন সুপারশপ ও বাজারে সর্বোচ্চ বিক্রয়মূল্য ১৬০ টাকা ধরা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে ৫০ কেজির বস্তাজাত চিনির মিলগেট মূল্য ১৫০ টাকা (১ কেজির) নির্ধারণ করার কথা জানানো হয়েছিল। পাশাপাশি ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা ঠিক করা হয়েছিল। চিনির এ দাম অবিলম্বে কার্যকর হওয়ার কথাও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।