সেতু মেরামতের প্রভাবে যানজট

পোস্তগোলা  সেতুর সংস্কার কাজ চলায় বিকল্প পথ হিসেবে বাবুবাজার সেতু ব্যবহার করায় তীব্র যানজটে পড়তে হচ্ছে। নতুন করে বাড়তি গাড়ির চাপ থাকায় ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে গাড়ি পার হতে। গতকাল বৃহস্পতিবার বাবুবাজারের যানজটের প্রভাব দেখা গেছে নয়াবাজার, বাবুবাজার, বংশাল, গুলিস্তানসহ বেশ কয়েকটি এলাকায়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৬ মার্চ পর্যন্ত পোস্তগোলা সেতু ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথে বাবুবাজার দিয়ে চলাচল করতে বলা হয়। পোস্তগোলা সেতুর রেট্রোফিটিংয়ের কাজ চলায় যাত্রাবাড়ী থেকে পোস্তগোলা সেতু দিয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে যেসব গাড়ি যাতায়াত করে সেগুলো দোলাইরপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহারের পরামর্শ দিয়েছে সওজ। একইভাবে গাবতলী থেকে এক্সপ্রেসওয়েতে যাতায়াত করা যানবাহনগুলোকে বাবুবাজার সেতু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ও নতুন করে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় কেরানীগঞ্জ, নয়াবাজার, বংশাল, গুলিস্তানসহ বেশ কয়েকটি সড়কে সেতুর যানজটের প্রভাব পড়েছে। বাবুবাজার দিয়ে আসা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে। অনেকে হেঁটে পার হচ্ছেন সেতু।

বাবুবাজার সেতুতে যানজটে বসে থাকা শাহাদাত হোসেন নামে এক যাত্রী দেশ রূপান্তরকে বলেন, ‘যানজটের জন্য অনেক সময় ধরে সেতুর ওপর বসে ছিলাম। বংশালে আসতে ১ ঘণ্টা ৩০ মিনিট সময় লেগে গেল। ট্রাফিক মনিটরিংয়ের ব্যাপক ঘাটতি আছে নয়াবাজারে, যার জন্য যানজট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।’

আরেক যাত্রী মো. হুমায়ুন বলেন, ‘পুরান ঢাকার বংশাল ও নয়াবাজার এলাকার রাস্তায় খানাখন্দে ভরা। সিটি করপোরেশনের উচিত ছিল রাস্তা দ্রুত ঠিক করা। রাস্তা ঠিক না করায় এখন আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছে এ পথ পাড়ি দিতে।’

গুলিস্তানে বাসের জন্য অপেক্ষা করা আরেক যাত্রী মো. সুলতান বলেন, ‘মিরপুর যাওয়ার জন্য বসে আছি। কিন্তু যানজটের জন্য গাড়ি পাচ্ছি না। ঢাকায় এক জায়গায় যদি সমস্যা হয়, সেটির প্রভাব পুরো এলাকায় পড়ে। আমাদের ট্রাফিকব্যবস্থা পুরনো সিস্টেমে চলছে যুগের পর যুগ। ফলে খুব দ্রুত যানজট নিরসন করা যায় না।’

আকাশ পরিবহনের চালকের সহকারী রাজন মিয়া বলেন, ‘কেরানীগঞ্জ থেকে আজ গুলিস্তান আসতে ২ ঘণ্টার মতো সময় লেগেছে। বেশির ভাগ যাত্রী যানজটে বসে না থেকে গাড়ি থেকে নেমে যাচ্ছে। তেলের টাকা তুলতে হিমশিম খেতে হবে।’

বাবুবাজারের দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জানে আলম দেশ রূপান্তরকে বলেন, ‘যানজট নিরসনের জন্য আমরা ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। সেতু দিয়ে ধীরগতির যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি যানজট নিরসন করতে।’