সাংবাদিক, গবেষক ও চিন্তাবিদ সৈয়দ আবুল মকসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এ দিনে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সৈয়দ আবুল মকসুদের জন্ম ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক এবং জার্মানির বার্লিনের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জার্নালিজম’ থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি। সাহিত্য অঙ্গনে সৈয়দ আবুল মকসুদের আবির্ভাব ষাটের দশকে। প্রথম থেকেই কবিতা, গল্প, প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করেন। একজন গবেষক হিসেবে তিনি বহু মৌলিক আকর গ্রন্থের প্রণেতা। এর মধ্যে সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, পথিকৃত নারীবাদী খয়রুন্নেসা খাতুন অন্যতম। তার রচিত গ্রন্থের সংখ্যা চল্লিশটির অধিক।