অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঠিকাদার ও যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীম ওরফে জি কে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন সর্বোচ্চ আদালত বহাল রেখেছে। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেয়।
আদালতে জি কে শামীমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন বি এম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি।
অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি দেশ রূপান্তরকে বলেন, জি কে শামীমকে কারামুক্ত হতে একটি, চট্টগ্রামে প্রতারণার একটি এবং দুদকের একটি মামলায় জামিন নিতে হবে। তিনি বলেন, আপিল বিভাগ তার জামিন বহাল রেখেছে। একই সঙ্গে অস্ত্র মামলায় সাজার বিরুদ্ধে হাইকোর্টে বিচারাধীন আপিল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট জি কে শামীমকে জামিনের আদেশ দেয়। পরে এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৮ ডিসেম্বর চেম্বার আদালত ওই জামিনের ওপর স্থগিতাদেশ দেয়। এরপর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করে। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে দেহরক্ষীসহ জি কে শামীমকে গ্রেপ্তার করে র্যাব।
অবৈধ অস্ত্র, মাদক, অর্থ পাচার ও দুর্নীতি মামলায় আসামি করা হয় জি কে শামীমকে। গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলার রায়ে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন সাজা দেয় ঢাকার একটি আদালত। এ ছাড়া অর্থ পাচারের মামলায় গত বছরের ১৭ জুলাই জি কে শামীমকে ১০ বছর এবং তার দেহরক্ষীদের চার বছর করে কারাদন্ড দেওয়া হয়।