ডুয়েটের শিক্ষক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক রাম কৃষ্ণ সাহাসহ দুজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ওই সড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হলে চরম দুর্ভোগে পড়ে পরিবহন শ্রমিক ও যাত্রীরা।

ডুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বক্তারা বলেন, রাম কৃষ্ণ সাহার মতো একজন মেধাবী শিক্ষকের অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ কখনো সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের ক্ষতির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের টঙ্গীতে প্রভাতী বনশ্রী পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ সাহার ছেলে রাম কৃষ্ণ সাহা ও পাঠাও চালক দিদার আদেল দিপু মারা যান। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।