পুরো মৌসুমে চড়া থাকার পর মৌসুমের শেষের দিকে এসে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। শীতের শেষে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বিক্রেতারা বলছেন, আবহাওয়া পরিস্থিতির কারণে এবার শীতের শাক-সবজির উৎপাদন কম হয়েছিল। যার কারণে বাজারে সরবরাহ কম ছিল। ফলে চড়া দামে সবজি বিক্রি করতে হয়েছে তাদের।
এদিকে কিন্তু শীত কমতে শুরু করার সঙ্গে সঙ্গে সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তাই দামও কিছুটা ক্রেতার নাগালে এসেছে।
বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শিম মানভেদে কেজি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে এর দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মুলা ২০, শিম ৩০ থেকে ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ২৫ থেকে ৩০, বাঁধাকপি প্রতি পিস ৩০-৪০, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০-৫০, কাঁচামরিচ প্রতি কেজি মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, শসা প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা, গাঁজর ও টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।
রাজধানীর মগবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হাবিব দেশ রূপান্তরকে বলেন, ‘বাজারে সব ধরনের মাছ-মাংসের দাম বাড়তি হলেও আজ (গতকাল) সবজির দাম কম দেখা যাচ্ছে। এমন দাম থাকলে, তাও কিছু কিছু সবজি আমরা কিনে খেতে পারি। সবজির দাম কম হলেও অন্য সব নিত্যপণ্যের দাম বেশি। ফলে সেগুলো কিনতে হিমশিম খেতে হয়।’