জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় তুলে ধরতে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল সাড়ে ১০টায় গণভবনে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তার সফরের অভিজ্ঞতা তুলে ধরে লিখিত বক্তব্য দেন। তার সঙ্গে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতের কথা তুলে ধরেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লিখিত বক্তব্যের পর প্রথমে প্রশ্ন করেন সাংবাদিক মনজুরুল ইসলাম বুলবুল। তিনি টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে। পাশাপাশি ১১ জন গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিকে সংসদ সদস্য মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ জানান।
এ সময় হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, ‘দিছি কেনো জানেন না? সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা না করতে পারে, সে জন্য।’
সব শ্রেণিপেশার মানুষকে সংসদে আনতেই সাংবাদিকদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যেহেতু সংসদ সদস্য করার সুযোগ পেয়েছি। সব শ্রেণীপেশার মানুষকে আনার চেষ্টা করেছি। সংসদে কী হয়, সেগুলো সবার জানা ও দেখা দরকার।’
প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেন। মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।