নারীরা স্মার্ট বাংলাদেশ জয়ের সারথী

তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পবিত্র রমজান মাসে সব জিনিসের দাম সাধ্য অনুযায়ী কম রাখা উচিত। কিছু মুনাফাখোর অসাধু ব্যবসায়ী মজুতদারি করে দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট তৈরি করে। তাদের বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে সহায়তা দেবে।

আজ শুক্রবার সকালে প্রতিমন্ত্রী সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ‘হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় নারীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের আত্মকর্মস্থানের কোনো বিকল্প নেই। নারীরা স্মার্ট বাংলাদেশ জয়ের সারথী। সরকার নারীদের কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, খুব দ্রুত সমায়ের মধ্যে ১৩০ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় শেখ কামাল আইটি সেন্টার গড়ে তোলা হবে। সেখান থেকে প্রতিবছর দুই হাজার ছেলে-মেয়ে প্রযুক্তি সর্বোত্তম সুবিধা নিয়ে নিজেদের আত্মকর্মশীল করতে পারবে।

পলক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রধানমন্ত্রীর নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সুসংহতকরণে গৃহীত বহুমুখী কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত এবং এক্ষেত্রে বাংলাদেশ আজ উন্নয়নশীল বিশ্বের রোল মডেল।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে সংগ্রামী ও সম্ভাবনাময় নারীদের সহযোগিতা, দিক-নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি হয়ে উঠতে পারে একটি অনবদ্য মাইলফলক।