রাঁচি টেস্টের প্রথম দিনের শেষে সেঞ্চুরি করে জো রুটের বিশেষ এক উদযাপনের দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১১২ রানে ৫ উইকেট হারানোর পর ইংল্যান্ডকে দারুণ এক সেঞ্চুরি দিয়ে টেনে তোলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ২১৯তম বলে বাউন্ডারি মেরে পৌছে যান ৩১তম সেঞ্চুরিতে। দারুণ সংগ্রামী ব্যাটিংয়ে করা এই সেঞ্চুরির জন্য ড্রেসিং রুম থেকে অভিনন্দন জানানোর এক পর্যায়ে রুটের দিকে হাতের কনিষ্ঠ আঙুল তুলে বিশেষ এক ভঙিমা দেখান বেন স্টোকস। রুটও একই রকম ভাবে আঙুল তুলে দেখান, যা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে।
জো রুটের জন্য সিরিজটি অনেকটাই ভুলে যাওয়ার মতো ছিল। রানের গতি বাড়াতে রিভার্স স্কুপ করতে গিয়ে আউট হয়ে যাওয়া ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। রাঁচির এই অবশ্যই জেতা ম্যাচে দল যখন বাজে অবস্থায়, তখন এই সেঞ্চুরি করার মাধ্যমে সমালোচকদের নিজস্ব ভঙিমায় জবাব দিলেন রুট।
'কড়ে আঙুল' উদযাপন রুটের জন্য প্রথম নয়। এই বেন স্টোকসের সাথে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ২০২২ টেস্টে একই রকম উদযাপন করেছিলেন। প্রিসলি স্টেজ শো করতে গিয়ে অদ্ভুত কিছু অঙ্গভঙ্গি করতেন, যার একটি ছিল এই 'কড়ে আঙুল' উদযাপন। অস্টিন বাটলার অভিনীত জনপ্রিয় মার্কিন গায়ক এলভিস প্রিসলির বায়োপিক থেকে অনুপ্রাণিত হয়ে স্টোকস ও রুট দুজনই উদযাপনটি ভাগ করে নিয়েছিলেন। জানা যায়, ২০২২ সালের ওই টেস্ট ম্যাচের আগে স্টোকস ছবিটি দেখেছিলেন এবং প্রিসলির অঙ্গভঙ্গি এই অলরাউন্ডারকে মুগ্ধ করেছিল।