রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মামুন বেপারি (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। বাবার নাম মো. ইদ্রিস। বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই আব্দুল মোতালেব জানান, নির্মাণাধীন ভবনটির ঠিকাদার ছিলেন মামুন। সন্ধ্যায় কাজ দেখার জন্য ৮ম তলায় উঠেন। ভবনটির নিচ তলা থেকে রুপস দিয়ে মালামাল তুলছিল শ্রমিকরা। তবে মামুন হাত দিয়ে সেই রুপস টান দিয়ে ভবনের ভেতরে নেয়ার সময় ৮ম তলা থেকে নিচে পড়ে যান। পরবর্তীতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।